হলিউডের জনপ্রিয় নির্মাতা স্টিভেন স্পিলবার্গ সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে দেয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন, তার কাছে মনে হয় যে ওয়ার্নার ব্রাদার্স নির্মাতাদের ‘বাসের নিচে’ ছুঁড়ে দিয়েছে।
স্টিভেন স্পিলবার্গ বলেন, ‘মহামারীতে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো সুযোগ পেয়েছে, সাবস্ক্রাইবার বেড়েছে। কিন্তু আমার কিছু নির্মাতা বন্ধুকে বাসের নিচে ছুঁড়ে ফেলেছে তারা। কারণ তাদের ছবিগুলো হলে মুক্তি দিতে দেয়া হয়নি।’ নির্মাতা জানান, এইচবিও ম্যাক্স-এর কথা বলছেন তিনি।
স্পিলবার্গের মতে, হলে দর্শক ফিরছে এখন। ‘এলভিস’ ১০০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে এবছর। হলে সিনেমা মুক্তি না দিলে দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়না।
স্টিভেন স্পিলবার্গের ‘দ্য ফ্যাবেলম্যানস’ মুক্তি পাবে ১১ নভেম্বর। ছবিটি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে স্পিলবার্গের বেড়ে ওঠার ওপর ভিত্তি করে। বাবা-মায়ের সঙ্গে নির্মাতার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটিকে পুরোপুরি বায়োপিক বলা চলে না। ছবির মূল চরিত্রে অভিনয় করবেন ডেভিড লিঞ্চ।
সূত্র: হলিউড রিপোর্টার্স








