চট্টগ্রামবাসীর প্রত্যাশা পূরণ হওয়ার এক মাসের মধ্যেই এবার বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী শহরের মানুষের প্রত্যাশা পূরণ হতে চলেছে। চলতি মাসেই উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহরে চালু হচ্ছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’-এর নতুন শাখা।
বহুদিন ধরেই আধুনিক মানসম্পন্ন একটি সিনেমা হলের অভাব বোধ করছিলেন রাজশাহীবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে এ বিষয়টি তুলে ধরেছেন অনেকে। বলা চলে, এটি ছিলো সময়ের দাবী। এবার রাজশাহীবাসীর সেই দাবী পূরণ হতে চলেছে। নতুন বছরে রাজশাহীতে চালু হচ্ছে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। আগামী ১৩ জানুয়ারি জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে। ১৪ জানুয়ারি থেকে দর্শকরা এখানে সিনেমা দেখতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর বিশিষ্ট ব্যক্তি এবং বিনোদন জগতের তারকারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।
রাজশাহীর বুলনপাড়া আই বাধ সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে একটি হল নিয়ে নির্মিত হয়েছে এই সিনেপ্লেক্স। এখানে আসন সংখ্যা ১৭২ টি। বরাবরের মত নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা এখানেও থাকছে বলে জানান স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।
রাজশাহীতে সিনেপ্লেক্স চালু সম্পর্কে তিনি বলেন, ‘রাজশাহী দেশের ঐতিহ্যবাহী একটি শহর। এখানে প্রচুর সিনেমাপ্রেমী দর্শক রয়েছেন যারা স্টার সিনেপ্লেক্সের মত একটি মাল্টিপ্লেক্স প্রত্যাশা করেন। অনেকেই বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে দাবী জানিয়েছেন। সেই দাবী পূরণের কাজটি করতে পেরে আমি আনন্দিত। আমরা চেষ্টা করছি স্টার সিনেপ্লেক্সকে দেশব্যাপী ছড়িয়ে দিতে, যাতে সারাদেশের মানুষ বিশ্বমানের সিনেমা হলে সিনেমা দেখার সুযোগ পান।’
রাজশাহী শহরে নব্বইয়ের দশক পর্যন্ত সাতটি সিনেমা হল ব্যাপক জনপ্রিয় ছিল। সে সময় ভালো কিছু ছবি নির্মাণ হওয়ায় হলগুলোতে ভিড় লেগেই থাকত সিনেমাপ্রেমীদের। কিন্তু ২০১০ সালের পর চলচ্চিত্রের দুরবস্থা শুরু হলে বন্ধ হতে থাকে হলগুলো। সবশেষ ২০১৮ সালে বন্ধ হয় ‘উপহার’ সিনেমা হলটি। একের পর এক সিনেমা হল বন্ধ হওয়ায় একেবারেই হলশূন্য হয়ে পড়ে শহরটি। সেই শূন্যতা কাটিয়ে আবারও হলমুখী হবেন রাজশাহী জেলার সিনেমাপ্রেমী মানুষেরা-এমনটাই আশা করছে সংশ্লিষ্টরা।
২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’। বর্তমানে এর ঢাকায় ৫টি ও চট্টগ্রামে ১টি শাখা রয়েছে। ধানমন্ডির সীমান্ত সম্ভার (সাবেক রাইফেলস স্কয়ার), মহাখালীর এসকেএস (সেনা কল্যাণ সংস্থা) টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং বিজয় সরণীর সামরিক জাদুঘর ও চট্টগ্রামের বালি আর্কেড শপিং মলে শাখাগুলো অবস্থিত। এ ছাড়া ঢাকার উত্তরা এবং বগুড়ায় নতুন শাখার নির্মাণ কাজ চলছে।







