এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ: বরিশাল বোর্ড এগিয়ে

স্কুলের ছাত্রীরা আনন্দের সাথে ছবি তুলছে, কিছু ছাত্রীরা পজিটিভ ইমোজি দেখাচ্ছে, একটি গাছের নিচে বসে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রকাশিত হয়েছে চলতি বছর অর্থাৎ ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবছর পাসের হার ৮০ দশমিক ৭৯ শতাংশ। এবছর ফলাফলে পাসের হারে এগিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড।
আজ ২৮ জুলাই শুক্রবার সকাল ১০টায় অনলাইন এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। আজ সকাল ৯ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর অনলাইনে ফলাফল প্রকাশের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
আজ রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ফলাফলে দেখা গিয়েছে, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী জানান, সিলেটে বন্যার কারণে ফল খারাপ হয়েছে। আর জিপিএ-৫ বেড়েছে কারণ পড়ালেখা ভালো হয়েছে শিক্ষার্থীদের। ঢাকা বোর্ডে পাসের হার ৭৭.৫৫ ভাগ। রাজশাহী বোর্ডে ৮৭.৮৯ ভাগ, কুমিল্লা বোর্ডে পাশের হার ৭৮.৪২ ভাগ, যশোরে ৮৬.১৭, চট্গ্রামে ৭৮.২৯ ভাগ, বরিশালে ৯০.১৮ ভাগ, সিলেট ৭৬.০৬, দিনাজপুরে ৭৬.৮৭, ময়মনসিংহে ৮৫.৪৯ ভাগ।
এছাড়া কারিগরি বোর্ডে এবার পাসের হার ৮৬.৩৫ ভাগ। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪.৭০ শতাংশ। এবার ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। সেখানে ছাত্রীরা পাস করেছে ৮৭ দশমিক ৭১ শতাংশ। গত বছরের মতো এবারও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এসএমএসের ক্ষেত্রে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এর পর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।
গত ৩০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি।







