নাগরিক হিসেবে সব সময় সচেতন বলিউড বাদশা শাহরুখ খান। শুধু সিনেমায় নয়, বাস্তবেও তিনি তেমন! সোমবার (২০ মে) মুম্বাইতে চলছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। এদিন দুপুরে পুরো পরিবার নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হন কিং খান!
সঙ্গে দেখা গেছে তার স্ত্রী গৌর খানসহ সন্তানদেরও। সপরিবারেই বান্দ্রার বিশেষ ভোটকেন্দ্রে পৌঁছেছিলেন নায়ক। এমনকি খুদে আব্রামও বাবা-মা ও দাদা,দিদির সঙ্গে ভোটকেন্দ্রে পৌঁছেছিলেন।
এদিন বাদশার দেখা মিলল ব্লু ডেনিম এবং কালো টি-শার্টে। ঝুল টেনে বাঁধা, চোখে রোদচমশা। আব্রামের হাত ধরে বেরিয়ে এলেন শাহরুখ। মেয়ে সুহানাকেও রাখলেন চোখে চোখে। গৌরী-আরিয়ান এবং আব্রামকে ক্যাজুয়াল লুকেই দেখা যায়।
এক্স হ্যান্ডেলে দু-দিন আগেই গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শাহরুখ লিখেছিলেন,‘সোমবার মহারাষ্ট্রের দায়িত্বপূর্ণ ভারতীয় নাগরিক হিসেবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে। ভারতীয় হিসেবে চলুন এই দায়িত্ব পালন করি এবং দেশের সবচেয়ে প্রয়োজনীয় কাজ যে ভোট, সেটা বুঝে নিই। ভোটাধিকার নিয়ে প্রচার করুন।’
একইভাবে শাহরুখ খান অভিনীত গেল বছরের ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এও গণতন্ত্রের সবক দিয়েছিলেন। যেখানে ভোটাধিকার নিয়ে দারুণ সব সংলাপ মানুষের মন জয় করেছিলো।







