প্রাণঘাতী প্রতিযোগিতা শেষ হলেও ‘স্কুইড গেম’–এর রেকর্ড গড়া থেমে নেই! বহুল প্রতীক্ষিত সিরিজটির নতুন ও শেষ সিজন মুক্তির পরেই নেটফ্লিক্সে ঝড় তুলেছে দর্শকসংখ্যায়। শুক্রবার (২৭ জুন) যখন এটি মুক্তি পায়, তখনই শুরু হয় রেকর্ড ছোঁয়ার মিছিল!
নেটফ্লিক্সের সদ্য প্রকাশিত টপ-১০ তালিকা অনুযায়ী, ‘স্কুইড গেম’ সিজন ৩ মুক্তির প্রথম তিন দিনেই ৬০.১ মিলিয়ন বার দেখা হয়েছে, যা একে প্ল্যাটফর্মটির ডেবিউ উইকেন্ডে সবচেয়ে বেশি দেখা কনটেন্টে পরিণত করেছে!
সদ্য মুক্তি পাওয়া কোরিয়ান থ্রিলার সিরিজটির চূড়ান্ত অধ্যায়টি ইতোমধ্যেই নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় নন-ইংরেজি টিভি সিরিজগুলোর তালিকায় ৯ নম্বরে উঠে এসেছে। মাত্র তিন দিনের ডেটা নিয়েও এটি গ্লোবাল পারফর্মিং কনটেন্টগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে, যেখানে আগের সিজনগুলো তুলনামূলক বেশি দিনের পরিসংখ্যান থেকে রেকর্ড গড়েছিল।
তুলনামূলকভাবে স্কুইড গেম এর সিজন ২, যা ২০২৩ সালের ডিসেম্বরে বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল, চার দিনে ৬৮ মিলিয়ন ভিউ অর্জন করে। সেটি ‘উইডনেসডে’ সিরিজকে টপকে রেকর্ড গড়েছিল, যা ২০২২ সালে প্রথম সপ্তাহে ৫০.১ মিলিয়ন ভিউ অর্জন করেছিল!
নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় নন-ইংরেজি সিরিজগুলোর তালিকায় এখনো শীর্ষে রয়েছে স্কুইড গেম সিজন-১। আর দ্বিতীয় স্থানে আছে সিরিজটির ‘সিজন ২’। এই তালিকায় আরও রয়েছে মানি হেইস্ট–এর ৩, ৪ ও ৫ নম্বর সিজন, লুপিন–এর প্রথম ও দ্বিতীয় সিজন, লা পালমা এবং হু কিলড সারা?–এর প্রথম সিজন!
এই মুহূর্তে শুধুমাত্র তিন দিনের পরিসংখ্যান অন্তর্ভুক্ত থাকায় পরবর্তী সপ্তাহগুলোতে ‘স্কুইড গেম’ সিজন ৩ আরও উপরে উঠে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এই শক্তিশালী শুরু আবারও প্রমাণ করে সিরিজটির বিশ্বজুড়ে জনপ্রিয়তা ও প্রভাব এখনো অটুট।
২০২১ সালে প্রথম মুক্তির পর থেকেই ‘স্কুইড গেম’ নেটফ্লিক্স–এর জন্য একটি যুগান্তকারী সাফল্য, যা আন্তর্জাতিক কনটেন্টের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিজন ৩ ছিল এই গল্পের চূড়ান্ত পর্ব, যেখানে গি-হুন এর যাত্রার এক নাটকীয় ও মারাত্মক পরিসমাপ্তি টানা হয়েছে। –স্ক্রিন র্যান্ট







