দীর্ঘদিন ফর্মে ছিলেন না সৌম্য সরকার। হাতেগোনা কিছু ম্যাচে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি টাইগার তারকা। নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান। দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়াটা ছিল প্রশ্নবিদ্ধ! ক্যারিয়ারজুড়ে ছিল নানা সমালোচনাও। তবে রাজকীয় প্রত্যাবর্তনে সব পেছনে ফেলেছেন সৌম্য। দেড়শতাধিক রানের ইনিংস খেলে সমালোচনার জবাব দিয়েছেন ব্যাটেই। পরে বললেন, সমালোচকদের সঙ্গে রাখেন না।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৫১ বলে ২২ চার ও ২ ছয়ে ১৬৯ রানের নান্দনিক ইনিংস উপহার দিয়েছেন সৌম্য। বাংলাদেশ অবশ্য ম্যাচটা জিততে পারেনি। হেরেছে ৭ উইকেটে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন সৌম্য সরকার। দলের প্রতিনিধি হয়ে এসে জানিয়ে গেলেন সব সমালোচনা পেরিয়ে নিজের উপর বিশ্বাস রাখার কথা।
‘সমালোচনা নিয়ে অত ভাবিনি। ভাবলে নিজের উপর বেশি চাপ আসতো। আরও বেশি নেতিবাচক প্রভাব পড়ত। তবে আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। খেলার জন্য যেসব প্রক্রিয়াগুলো ছিল তা ঠিক রাখতে চেয়েছিলাম।’
‘একটা সময় হয়তোবা (সমালোচনার) খবর দেখতাম। সত্যি বলতে, গত একবছর আমার ফোনে এধরনের কোনো সংবাদ আসেনি। ফেসবুকে আমার বন্ধু বা অন্যরা ক্রিকেট নিয়ে কোনো কথা বললে তাদের সঙ্গে থাকি না। যে ইতিবাচক কথা বলে, তার সঙ্গেই থাকি এবং ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবি। ভালো-খারাপ দুটোই থাকবে। খারাপ করলে তো ক্রিকেট ছেড়ে চলে যেতে পারব না। ক্রিকেটের জন্যই এতদূর আসতে পেরেছি, ক্রিকেটের জন্যই এত পরিশ্রম করছি। সুতরাং ক্রিকেট নিয়েই বেশি চিন্তা।’
‘খারাপ করলে তো সবারই খারাপ লাগে। ভালো করলে হয়তো এইসব কথা শুনতে হতো না। ভালোর জন্য হয়তো সেই খারাপটা ছিল। ঈশ্বর যেটা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট, সেটা শূন্য হোক অথবা ১৬৯ হোক। যেটা উনি দিচ্ছেন আমি তা নিয়ে কৃতজ্ঞ।’







