বলিউডের কিংবদন্তী শিল্পী আশা ভোঁসলে। সম্প্রতি জমকালো আয়োজনে প্রকাশিত হয়েছে এই গায়িকার জীবনী গ্রন্থ। যেখানে উপস্থিত ছিলেন ভারতের সিনেমা ও গান সংশ্লিষ্ট বহু গুণীজন! ভরা মজলিশেই আশা ভোঁসলের প্রতি নিজের অন্যরকম ভক্তি প্রদর্শন করে আলোচনায় জনপ্রিয় শিল্পী সোনু নিগম!
বলিউডের তুমুল জনপ্রিয় গায়ক হলেও নিজেকে আশা ভোঁসলের গুণমুদ্ধ ভক্ত বলে দাবি করেন সোনু। আর তাই প্রিয় শিল্পীকে কাছে পেয়ে অভিনব কায়দায় করলেন শ্রদ্ধাজ্ঞাপন! মঞ্চে আশা ভোঁসলের পা গোলাপ জলে ধুয়ে দিলেন এই গায়ক।
যে মুহূর্তটি ইতোমধ্যে ছড়িয়ে গেছে নেট দুনিয়ায়। এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে আশা ভোঁসলের পায়ের কাছে বসে আছেন সোনু। প্রথমেই বর্ষীয়ান গায়িকার পায়ে চুম্বন করেন। এর পরে তার দু’পা গোলাপ জল দিয়ে নিজে হাতে ধুয়ে দেন গায়ক। সোনুর ভক্তিপ্রকাশের এই ধরন দেখে মুগ্ধ নেটিজেনরা শেয়ার করছেন ভিডিও ক্লিপটি!
বই প্রকাশ অনুষ্ঠানে তারকাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিনেতা জ্যাকি শ্রফও। তিনিও আশা ভোঁসলের পা ছুঁয়ে প্রণাম করেন এবং গায়িকাকে উপহারস্বরূপ একটি চারাগাছ দেন। জ্যাকি এর আগেও পরিবেশ সচেতনতার কথা বলে এসেছেন।
আশা ভোঁসলের জীবনী গ্রন্থটির নাম ‘স্বরস্বামিনী আশা’। বইটিতে কাজ করেছেন ৯০ জন লেখক। জানা যায়, বইয়ে বর্ষীয়ান গায়িকার জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।








