অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে চোটে পড়েছিলেন ভারতের শ্রেয়াস আয়ার। পাঁজরের আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে সিডনির একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল তাকে। শারীরিক উন্নতি বিবেচনায় হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে টপঅর্ডার ব্যাটারকে। শনিবার সকালে বিবৃতি দিয়ে জানিয়েছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই বিবৃতে লিখেছে, ‘শ্রেয়াস এখন সুস্থ আছেন। দ্রুত উন্নতি করছেন। সিডনি ও ভারতের সম্মিলিত মেডিকেল টিম শ্রেয়াসের রিকভারিতে এখন স্বস্তিতে আছেন। আজকেই তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে।’
শ্রেয়াস এখনই ভারতে আসছেন না। ফলোআপ ও বাকি চিকিৎসার জন্য তাকে থাকতে হচ্ছে সিডনিতেই। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শ্রেয়াস নিজেই জানিয়েছিলেন তার শারীরিক অবস্থার কথা।
সামাজাকি যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘সুস্থতার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। এখানে প্রতিটি দিন উন্নতির মধ্য দিয়ে যাচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, সবার সহযোগিতা ও সহমর্মিতার জন্য।’
২৫ অক্টোবর ম্যাচ চলাকালীন ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে গিয়ে অ্যালেক্স কেয়ারির দুর্দান্ত এক ক্যাচ নেন শ্রেয়াস। বলটি হাতে নেয়ার সময়ই তার বাম দিকের পাঁজরে আঘাত লাগে। ড্রেসিংরুমে ফিরে আসলে প্রচণ্ড অস্বস্তি বোধ করায় দ্রুত হাসপাতালে নেয়া হয় তাকে। পাঁজরের আঘাতের কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।








