বিনোদন

তুলনা করলে ‘হঠাৎ বৃষ্টি’র চেয়ে ‘আবার হঠাৎ বৃষ্টি’ ৯০% উতরে গেছে

‘আবার হঠাৎ বৃষ্টি’র বিশেষ প্রদর্শনী শেষে ছটকু আহমেদ

তুলনা করলে ‘হঠাৎ বৃষ্টি’র চেয়ে ‘আবার হঠাৎ বৃষ্টি’ ৯০% উতরে গেছে

আসছে শুক্রবার (২ অক্টোবর) দেশের ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার রিমেকে নির্মিত ‘আবার হঠাৎ বৃষ্টি’। মুক্তির আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সেন্টার পয়েন্টের সিনেপ্লেক্সে হয়ে গেল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। যেখানে এই সিনেমার কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন শোবিজ অঙ্গনের বহু চেনা মানুষ।

‘আবার হঠাৎ বৃষ্টি’ দেখে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছটকু আহমেদ বলেন, বর্তমানে যেসব ছবি চলছে তার মধ্যে শতভাগ ভিন্নধর্মী গল্পের ছবি এটি। সিনেমাটি দেখে আমার কাছে অনেক গতিময় মনে হয়েছে। নতুন ছেলে মেয়ে এখানে যারা অভিনয় করেছে তারা অনেক ভালো করেছে। পরিচালনাও ভালো হয়েছে।

রিমেক প্রসঙ্গে ছটকু আহমেদ বলেন, ‘হঠাৎ বৃষ্টি’ও দেখেছি আজ ‘আবার হঠাৎ বৃষ্টি’ও দেখলাম৷ আগের গল্পে ইন্ডিয়া ছিল কিন্তু এবার বাংলাদেশ রাখা হয়েছে। আমার কাছে তো ছবিটা দারুণ লেগেছে, আশা করছি দর্শকদের কাছেও ভালো লাগবে।

হঠাৎ বৃষ্টির সঙ্গে তুলনা করে ছটকু আহমেদ বলেন, ‘আবার হঠাৎ বৃষ্টি’ আগেরটার চেয়ে ৯০% উতরে গেছে। আমার বিশ্বাস যারা দেখবে তাদের তারা নতুন দৃষ্টিকোণ থেকে দেখবে।

অচেনা শহর আর দুই তরুণ-তরুণীর অদেখা ভালোবাসার গল্পে ১৯৯৮ সালে মুক্তি পাওয়া হাবিবুর রহমান খানের প্রযোজনায় ‘হঠাৎ বৃষ্টি’ বাংলা সিনেমার দর্শকের মনে তৈরি করেছিল অন্যরকম আবেগ। ফেরদৌস ও প্রিয়াঙ্কা নতুন জুটিতে নির্মাতা বাসু চ্যাটার্জির গল্প বলার ধরন সিনেমাটিকে দিয়েছিল আলাদা পরিচিতি। সেই জনপ্রিয়তার স্মৃতি এবার নতুন প্রজন্মের সামনে নতুনভাবে তুলে ধরার চেষ্টা ‘আবার হঠাৎ বৃষ্টি’ সিনেমায়।

কামরুজ্জামানের পরিচালনায় নির্মিত ‘আবার হঠাৎ বৃষ্টি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিন। তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।

‘আবার হঠাৎ বৃষ্টি’ যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের কর্ণধার ফরিদুর রেজা সাগর, প্রযোজক হাবিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন, ফারজানা ব্রাউনিয়াসহ সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা।

বিশেষ প্রদর্শনীতে সিনেমাটি উপভোগ করার পর আগত অতিথিরা এর গল্প, অভিনয় ও নির্মাণের প্রশংসা করেন। পুরোনো একটি জনপ্রিয় সিনেমার স্মৃতি সঙ্গে নিয়ে নতুন সময়ের দর্শকদের জন্য নতুনভাবে গল্প বলার এই প্রয়াস তাই মুক্তির আগেই তৈরি করেছে আগ্রহ।

বিষয়:‘আবার হঠাৎ বৃষ্টি’আবুল কালামকায়েস আরজুক্রিস্টিয়ানো তন্ময়নির্মাণফারজানা ছবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…