কানাডার ক্যালগেরির জেনেসিস সেন্টারে চলছে বহুল আলোচিত ক্রিকেট টুর্নামেন্টশর্ট পিচ এলিট লিগ-২০২৬। সোমবার (৯ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই দুই দিনব্যাপী টুর্নামেন্টের আয়োজন করেছে শর্ট পিচ বিডি ক্রিকেট (ওয়াই ওয়াই সি)। প্রবাসী বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে টুর্নামেন্টটি ইতোমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট ৬টি দল—ঢাকা মাফিয়াস, নোয়াখালী রয়্যালস, চট্টগ্রাম নাইটস, খুলনা ভাইকিংস, সিলেট সিক্সার্স এবং রংপুর টাইটানস। শর্ট পিচ ফরম্যাটে দ্রুতগতির ম্যাচে দলগুলো দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিচ্ছে।
টুর্নামেন্টের প্রথম দিনের ম্যাচগুলোতে ব্যাটে-বলে ছিল চমকপ্রদ পারফরম্যান্স । দর্শক গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়, করতালি ও উল্লাসে মুখর ছিল পুরো জেনেসিস সেন্টার। খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স এবং সুশৃঙ্খল আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন দর্শক ও আয়োজকরা।
আগামী ১১ জানুয়ারি টুর্নামেন্টের বাকি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে
আয়োজকরা জানান, কর্মব্যস্ততার ফাঁকে এ আয়োজন শুধু খেলাধুলাই নয়, শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তারা জানান, শর্ট পিচ এলিট লিগ-২০২৬ ক্যালগেরিতে ক্রিকেটের জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং ভবিষ্যতে এমন আয়োজনে প্রবাসীরা আরো বেশি বেশি সম্পৃক্ত হবে।










