অভিনেত্রী কুসুম সিকদার পরিচালিত প্রথম ছবি ‘শরতের জবা’ মুক্তি পেয়েছিল ১১ অক্টোবর। মুক্তির পর যারা ছবিটি দেখেছেন প্রশংসা করেছেন। এ কারণে দ্বিতীয় সপ্তাহেও দেশের দুই অভিজাত সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে চলছে ‘শরতের জবা’।
জানা যায়, দ্বিতীয় সপ্তাহে সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় সকাল ১১.১০ মিনিটে এবং বিকেল ৪.৫০ মিনিটে চলছে ‘শরতের জবা’। এছাড়া যমুনা ব্লকবাস্টারে দুপুর ২.১৫ মিনিটে এবং সন্ধ্যা ৭.২৫ মিনিটে চলছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত এ ছবিটি।
এর আগে ‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’ ছবিগুলোতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন কুসুম শিকদার। আটবছর পর তিনি বড়পর্দায় ‘শরতের জবা’য় পরিচালনায় পাশাপাশি অভিনয়ের মাধ্যমে ফিরলেন। এ গল্পটি কুসুমের লেখা ‘অজাগতিক ছায়া’ গল্প গ্রন্থ থেকে নেয়া হয়েছে।
এক একাকী নারীর রহস্যময় জীবনের গল্প নিয়ে ‘শরতের জবা’ গল্প। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যুজড়ানো জবার জীবন একেক সময় একেক প্রশ্নের জন্ম দেয়। এখানে ‘জবা’ চরিত্রে নামভূমিকায় অভিনয় করেছেন কুসুম নিজেই।
‘শরতের জবা’ ছবিতে কুসুমের সহ-অভিনেতা ইয়াশ রোহান। সিনেমায় আরও অভিনয় করেছেন জিতু আহসান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া।







