হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিন পেয়েছেন।
রোববার (১২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন। একই দিনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এর আদালত থেকেও জামিনের আদেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, শিরীন শারমিনকে এদিন আদালতে হাজির করা হয়নি। তার পক্ষে আইনজীবীরা শুনানিতে অংশ নেন।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হয় এবং আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানা এলাকায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় প্রথমে রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছিল আদালত। পরে একই মামলায় শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়।







