অর্থপাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে দুদকের পক্ষ থেকে তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদনও নামঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে মহানগর দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ।
প্রয়োজনে তদন্ত কর্মকর্তা তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলেও আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ।
বুধবার শিবলী রুবাইয়াতসহ ছয়জনের বিরুদ্ধে তিন কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মামলা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর উপ-পরিচালক মাসুদুর রহমান।
মামলার অন্য আসামিরা হলেন- মোনার্ক হোল্ডিং ইনকরপোরেশনের চেয়ারম্যান জাবেদ এ মতিন, ঝিন বাংলা ফ্যাব্রিক্সের মালিক আরিফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এফএভিপি ইসরাত জাহান, ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও শাখার অপারেশন ম্যানেজার ইকবাল হোসেন ও সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ।
ভুয়া বাড়িভাড়ার চুক্তিনামা দেখিয়ে এক কোটি ৯২ লাখ টাকা বা প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ মার্কিন ডলার ঘুষ নিয়ে এবং ভুয়া চুক্তি দেখিয়ে পণ্য রপ্তানির কৌশলে এক কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকাসহ তিন কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতকে ২০২০ সালে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে অধ্যাপক শিবলী রুবাইয়াত সাধারণ বিমা করপোরেশনেরও (এসবিসি) চেয়ারম্যান ছিলেন।







