চেন্নাই টেস্টে সাকিব আল হাসানের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আলোচনা উঠেছে আঙুলে চোট গোপন করে খেলেছেন টাইগার অলরাউন্ডার। মাঠ এবং মাঠের বাইরের নানা কারণে সাকিবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। সবকিছু সরিয়ে শান্ত অবশ্য দলের প্রতি সাকিবের নিবেদনকেই গুরুত্ব দেয়ার কথা বলছেন।
ব্যাটারদের ব্যর্থতায় ভারতের কাছে সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানে হার দেখেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে কিছু রান করলেও বোলিংয়ে অবদান রাখতে পারেননি সাকিব। প্রথম ইনিংসে ৮ ওভার ও দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার বল করেছেন, উইকেট পাননি। ব্যাট হাতে ৩২ ও ২৫ রান করেছেন।
চেন্নাই টেস্ট শেষে সংবাদ সম্মেলনে সাকিবের ভবিষ্যৎ প্রসঙ্গে এক প্রশ্নে শান্ত বলেছেন, ‘ভাই, অনেক কিন্তু সাহসী প্রশ্ন করছেন মাশাআল্লাহ।’
পরে অবশ্য দলের প্রতি সাকিবের নিবেদনটাই টেনেছেন অধিনায়ক। বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না, আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা করা দরকার, সে কাজগুলো করছে কিনা, দলের প্রতি ইন্টেনশনটা কীরকম। এই জিনিসগুলো আমি খেয়াল রাখি। আমি চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কিনা।’
‘অনেকে ভাবতে পারে, সাকিব ভাই দেখে আমি বলছি। তবে এরকম না। নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই, সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি। এমন নয় যে রান করছে বা রান করছে না। এরচেয়ে গুরুত্বপূর্ণ আমার মনে হয়, তার প্রস্তুতি কেমন, দলের প্রতি তার চিন্তাভাবনা কেমন, দলকে ভালো কিছু দেয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কিনা। এই জিনিসগুলো দেখে আমি খুশি, দলে যে ১৫-১৬ জন ক্রিকেটার আছে তাদের নিয়ে আমি খুশি।’








