শ্রীলঙ্কান ক্রিকেটে নতুন সংযোজন আনতে চলেছে ‘লংকা টি-১০ সুপার লিগ’। উদ্বোধনী আসরের জন্য বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের প্রথম খেলোয়াড় হিসেবে দলে টেনেছে গল মার্ভেলস। ‘প্লাটিনাম প্রি ড্রাফট’ ক্যাটাগরিতে টাইগার মহাতারকাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
লংকা প্রিমিয়ার লিগেও প্রতিযোগিতা করে গল মার্ভেলস। সাকিবকে দলে অন্তর্ভুক্ত করতে পেরে তারা দারুণ উচ্ছ্বসিত। ৩৭ বর্ষী বাঁহাতি অলরাউন্ডারের বাংলাদেশের হয়ে ৪৪৭ আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
গল মার্ভেলস সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে লিখেছে, ‘পরিচিত হন, আমাদের টি-১০ সুপার লিগের প্লাটিনাম ক্যাটাগরির প্রি ড্রাফট, অসাধারণ খেলোয়াড় সাকিব আল হাসান! মাঠে তার শক্তি ও অভিজ্ঞতা ব্যবহারে আমরা প্রস্তুত।’
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগসহ বিভিন্ন লিগে খেলেছেন।
লংকা টি-১০ সুপার লিগের উদ্বোধনী আসর এবছরের ১২ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।









