কানাডার সাস্কাটুনে স্থায়ীভাবে নির্মিত হচ্ছে শহীদ মিনার

স্মৃতিস্তম্ভের ডিজাইন আধুনিক ও শিল্পময়, চারপাশে সবুজ ঘাস ও কিছু গাছ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাটুনের সিটি হলে সিটি মেয়র আর বাংলাদেশি কমিউনিটি অ্যাস্যোসিয়েশন অফ সাস্কাচুয়ান বিকাশের সভাপতির মধ্যে সাস্কাটুনে স্থায়ী শহীদ মিনার নির্মানের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২০১৭ সালে কমিউনিটির তৎকালীন সভাপতি জনাব জাকির হোসেন এবং ড. নুরুল আমিন চৌধুরীর উৎসাহে এবং তাদের নিরলস চেষ্টায় যে যাত্রার সূচনা হয়েছিল পরবর্তীতে কামনাশীষ দেব, শহীদুলখান সেতার, মো. আজাদ এবং খান আরিফ ওয়াহিদ এর অকৃতিম প্রচেষ্টায় প্রবাসীদের প্রানের দাবি স্থায়ী শহীদ মিনার নির্মানের জন্য চুক্তি স্বাক্ষরিত হলো কানাডার স্থানীয় সময় শুক্রবার (১০ মে)।
সাস্কাটুনের কেনসিংটন-এর মেহনি পার্কে নির্মিত হবে স্থায়ী শহীদ মিনার। প্রাথমিকভাবে ৭৫,০০০ থেকে ১,০০,০০০ কানাডিয়ান ডলার ব্যয় ধরা হয়েছে।
খান আরিফ ওয়াহিদকে চেয়ার এবং মো. আজাদকে কো-চেয়ার এবং পুলক দাশ, মো. কামাল, শ্যামলী সাহা, জাকির হোসেন ও শহীদুল খানকে সদস্য করে উপকমিটি গঠিত হয়েছে।
এই কমিটি অর্থ সংগ্রহ থেকে শুরু করে সকল কর্মকাণ্ড কমিউনিটির সকল সদস্যদের সাথে নিয়ে সম্পাদন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চার্লী ক্লার্ক, কাউন্সিলার এডাম টিটেমোর, সিটি ক্লার্ক ডেভিড কির্টন, ফোক-ফেস্ট ২০২৪ এর প্যাভেলিয়ান ম্যানেজার ড. বনানী রায়, সব্যসাচী চৌধুরী এবং খান আরিফ ওয়াহিদ বক্তব্য রাখেন।
আগামি ২০২৫ সালের মধ্যে এই শহীদ মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য কমিউনিটির সকল সদস্যের সহযোগিতা কামনা করেছেন উপ কমিটির সদস্যবৃন্দ।







