বেলারুশ থেকে রাশিয়া নতুন করে স্থলাভিযান শুরু করতে পারে এই আশংকায় সীমান্তে প্রতিরক্ষা জোরদার করছে ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেলারুশ সফর শেষে এই নতুন উত্তেজনা শুরু হয়েছে ইউক্রেনে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ইয়েভেন ইয়েনিন বলেছেন: বেলারুশ সীমান্তে সেনা এবং অস্ত্র মোতায়েন জোরদার করা হচ্ছে।
বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের জন্য সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিনের মিনস্ক সফর শেষেই ইউক্রেনের পক্ষ থেকে সীমান্তে প্রতিরক্ষা জোরদার করার কথা জানানো হয়। বেলারুশের সাথে রাশিয়া এবং ইউক্রেনে উভয় দেশেরই সীমান্ত রয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ইউক্রেন সীমান্তে এবং সীমান্তবর্তী রুশ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, রুশ সীমান্ত লঙ্ঘনের কোনও চেষ্টা দ্রুত বানচাল করতে হবে। বিশ্বাসঘাতক এবং নাশকতাকারীদের খুঁজে বের করতে হবে।
পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলারুশে মোতায়েন করা রুশ সৈন্যরা বেলারুশ সৈন্যদের সাথে একটি যৌথ মহড়া করবে।










