ক্রিকেট

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন রংপুরের শিশু নিকেতন

বাংলাদেশের স্কুল ক্রিকেটে রংপুরের শিশু নিকেতন দলের খেলোয়াড়রা আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুরের শিশু নিকেতন স্কুল ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, আনন্দের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়। শিরোপা নির্ধারণী ম্যাচে মেহেরপুর উচ্চ বিদ্যালয়কে তারা হারায় ৫৯ রানে।

নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ফাইনালে লেগ স্পিনে রোমাঞ্চ ছড়ান শেখ ইমতিয়াজ শিহাব। ৫ ওভারে ১৪ রানে ৫ উইকেট তুলে নেন। গুগলিতে নাকানিচুবানি খাওয়ান প্রতিপক্ষ ব্যাটারদের। মাত্র ৪৩ রানে গুটিয়ে যায় মেহেরপুরের স্কুলটি।

১০২ রানের পুঁজি নিয়েও বড় জয়ে শিরোপা নিজেদের করে নেয় শিশু নিকেতন, রংপুর। টস হেরে ব্যাট করতে নেমে ৩৭.১ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়। আহমেদ তেজান ২৮, সাদ ২৪ ও রাকিবুল ইসলাম ১৪ রান করেন। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

আরাফাত আমান নেন চারটি উইকেট। ১০ ওভারে দেন মাত্র ৯ রান। যার মধ্যে মেডেন ওভার পাঁচটি।

১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই দুই উইকেট হারায় মেহেরপুর উচ্চ বিদ্যালয়। হাল ধরতে পারেননি কেউ। ২০.২ ওভারে পঞ্চাশের আগেই গুটিয়ে যায় তারা। সর্বোচ্চ ১২ রান করেন সায়েম আহমেদ।

দেশের ৬৪টি জেলার সাড়ে তিনশর বেশি স্কুল অংশ নেয় এবার। মাঠের লড়াই শুরু হয়েছিল ৫ এপ্রিল। উপজেলা-জেলা-বিভাগীয় ও জাতীয় পর্যায় শেষে আসরের সেরা হল রংপুরের শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়।

বিষয়:ক্রিকেট নারায়নগঞ্জ রংপুর রংপুর শিশু নিকেতন স্কুল স্কুল ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…