ফুটবল

সিঙ্গাপুরের বিপক্ষে যে প্রতিশোধের তাড়না সমিতের

সিঙ্গাপুরের বিপক্ষে যে প্রতিশোধের তাড়না সমিতের

ফিফা আসিয়ান কাপে সোমবার ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর এবার প্রতিপক্ষ সিঙ্গাপুর। গত এক বছরে দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, হেরেছে দুটিতেই। সেই দুই হারের শোধ নিতে মাঠে নামতে চান বাংলাদেশের মিডফিল্ডার সমিত সোম।

বাংলাদেশ সময় বিকাল ৩টায় গড়াবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি। ফিফা আসিয়ান কাপের সবগুলো ম্যাচ সরাসরি দেখাচ্ছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।

সবশেষ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। এরপর ফিরতি লেগে সিঙ্গাপুরের মাঠেও ১-০ গোলে হারে লাল-সবুজের দল। দুটি ম্যাচেই বাংলাদেশের একাদশে ছিলেন কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত।

ম্যাচের আগের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় সমিতা জানান প্রতিশোধ নেয়ার কথা। বলেছেন, ‘গত এক বছরে দলটির বিপক্ষে আমরা দুটি ম্যাচ খেলেছি। এরপর আসিয়ান কাপে তারা ইন্দোনেশিয়ার বিপক্ষে কীভাবে খেলেছে, সেটিও আমরা দেখেছি। সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি-কীভাবে তাদের আক্রমণ ভোঁতা করতে হবে এবং নিজেদের সুযোগগুলো কাজে লাগাতে হবে। আমরা পুরোপুরি প্রস্তুত থাকার চেষ্টা করছি। আশা করছি, কালকের ম্যাচে ভালো একটা ফল আসবে। অতীতে তাদের কাছে আমরা দুবার হেরেছি, তাই এবার একটা প্রতিশোধ নেওয়ার তাগিদ আছে।’

মালয়েশিয়ার বিপক্ষে হতাশার পারফরম্যান্স ভুলে ঘুরে দাঁড়ানোর কথাও বলেছেন সমিত। বলেছেন, ‘দলের ভেতরের পরিবেশ এখন বেশ ভালো। সত্যি বলতে, মালয়েশিয়া ম্যাচে আমরা যেমনটা খেলেছি, তাতে কেউই খুশি নই, মন সবারই ভারাক্রান্ত। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর প্রতিক্রিয়া আমাদের দেখাতে হবে। সবচেয়ে বড় কথা হলো-অতীতে আটকে না থেকে আমাদের সামনের ম্যাচের দিকে তাকাতে হবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের সামর্থ্যের ওপরও আস্থা আছে সমিতের। তিনি বলেন, ‘এখন পুরো মনোযোগ সিঙ্গাপুর ম্যাচ ঘিরে। যেহেতু এর আগে তাদের বিপক্ষে আমরা খেলেছি এবং ভালো লড়াইও করেছি, তাই আত্মবিশ্বাস এখনও আমাদের আছে। কালকের ম্যাচে ভালো করার এবং কাঙ্ক্ষিত ফল পাওয়ার দারুণ এক তাড়না কাজ করছে সবার মধ্যে।’

ফিফা এশিয়ান কাপের মতো বড় মঞ্চে প্রথমবার অংশ নেওয়ার অভিজ্ঞতাটিও বাংলাদেশের জন্য বিশেষ বলে মনে করেন সমিত। এই প্রতিযোগিতা থেকে প্রাপ্তি নিয়ে দেশে ফিরতে চান তারা।

সমিত বলেন, ‘ফিফা এশিয়ান কাপের মতো টুর্নামেন্টে খেলতে পারাটা আমাদের জন্য ভীষণ গর্বের বিষয়। এখানে আমরা লড়ছি বেশ শক্তিশালী কিছু প্রতিপক্ষের বিপক্ষে। আমরা ঠিক এই জায়গাতেই নিজেদের দেখতে চেয়েছিলাম। দেশ হিসেবে ফুটবলে উন্নতি করতে হলে এই মানের প্রতিযোগিতায় খেলার সামর্থ্য অর্জন করতেই হবে।’

সিঙ্গাপুরকে সমীহ করলেও নিজেদের সুযোগের কথাও মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার। তার মতে, আগের দুই ম্যাচে ভালো ফল পাওয়ার সুযোগ ছিল বাংলাদেশের।

বলেছেন, ‘সিঙ্গাপুর অত্যন্ত গোছানো একটি দল, তাদের প্রতি পূর্ণ সম্মান আমাদের রয়েছে। এর আগে তারা আমাদের দুবার হারিয়েছে। তবে এটাও ঠিক যে তাদের বিপক্ষে অতীতে আমরা ভালো মুহূর্ত তৈরি করেছি এবং সাফল্যের সুযোগও পেয়েছিলাম। সিঙ্গাপুরে কিংবা কিছুদিন আগে ঢাকায় খেলা ম্যাচগুলোতে আমরা আরও ভালো ফল পেতেই পারতাম।’

বিষয়:ইন্দোনিশয়াফিফা আসিয়ান কাপবাংলাদেশলিড স্পোর্টসসমিতসিঙ্গাপুর
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…