পাঁচ দল নিয়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। সবকিছু চূড়ান্ত হওয়ার দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আসর সামনে রেখে সরাসরি চুক্তিতে সাইফ হাসানকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছে ঢাকা ক্যাপিটালস। বিপিএল কর্তৃপক্ষ প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ দিয়েছে। সুযোগ কাজে লাগিয়ে তাসকিন আহমেদের পর সাইফকে দলে নিল ঢাকা।
দুর্দান্ত ফর্মে আছেন সাইফ হাসান। সাদা বলের ক্রিকেটে সম্প্রতি দারুণ ধারাবাহিক তিনি। টি-টুয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে ১২ ইনিংসে ১৩১.৮০ স্ট্রাইকরেটে ৩৪৪ রান করেছেন। গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন সাইফ। সেই আসরে ১৩ ম্যাচে মোট ৩০৬ রান করেন।
আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল প্লেয়ার্স ড্রাফট। তার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের সরাসরি দলে নিচ্ছে।








