কনুইতে চোট পেয়ে সোমবার (২২ জানুয়ারি) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড তারকা সাইফ আলী খান। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ আগে কনুইতে চোট পেয়েছিলেন সাইফ, সাথে কাঁধেও চিড় ধরেছে। যার অস্ত্রোপচারের জন্যই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
বেশ কয়েক মাস ধরেই সাইফের এই অস্ত্রোপচার করানোর কথাবার্তা চলছিল। কিন্তু ব্যস্ত শুটিং শিডিউলের কারণে তা পিছিয়ে দেন সাইফ। বলিউড হাঙ্গামা সূত্রের খবর, সোমবার সম্পন্ন হয়েছে সাইফের কনুইতে অস্ত্রোপচার এবং মঙ্গলবারই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হবে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সাইফ নিজেই জানান, ‘এই আঘাত এবং এরপরে অস্ত্রোপচার এই বিষয়গুলি আমাদের কাজেরই অংশ। এটা আমাদের কাছে খানিকটা পোশাক পরা ও পোশাক ছিঁড়ে যাওয়ার মতো ঘটনা। আমি এমন সুন্দর অস্ত্রোপচার হওয়ায় খুব খুশি। আমার সকল শুভাকাঙ্খী যারা আমাদের ভালবাসেন এবং এই ঘটনায় উদ্বেগে ছিলেন তাদের ধন্যবাদ’।- টাইমস অব ইন্ডিয়া








