তারকা পরিবারের হলেও খুব একটা প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন না অভিনেতা সাইফ আলি খান। অভিনয়ের পাশাপাশি গানবাজনা, পড়াশোনাতেও তার আগ্রহ রয়েছে। তবু অনুরাগীর সংখ্যা নেহায়েত কম নয় তার। আর খ্যাতি থাকলে তার বিড়ম্বনাও থাকে। সেই খ্যাতির জন্যই একবার এক বিড়ম্বনার মুখোমুখি হয়েছিলেন সাইফ।
১৯৯৪ সালে দিল্লির এক পানশালার (বার) ঘটনা। সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোয়ে এসে সেই ঘটনার কথা তুলে ধরেছিলেন সাইফ। দিল্লি শহরে বা তার আশেপাশে জটিলতা বা তরজা সাধারণত এড়িয়ে চলেন বলেও জানান তিনি। দিল্লিতে নাকি সহজেই মানুষ কলহে জড়িয়ে পড়েন। আর সেই বার এক ভক্তের প্রেমিকের সঙ্গে নাকি হাতাহাতি হয়েছিল সাইফের।
চ্যাট শোয়ে সাইফ জানান, সেই পানশালায় এক অনুরাগী ও তার প্রেমিকের সঙ্গে দেখা হয়। অনুরাগীর সঙ্গে সাইফকে সেই পানশালায় নাচতে হবে। এটাই ছিল অনুরাগীর প্রেমিকের অনুরোধ। কিন্তু সেই অনুরোধ রাখতে রাজি হননি সাইফ। সঙ্গে সঙ্গে চটে যান অনুরাগীর প্রেমিক।
তিনি হুমকি দেন, সাইফের মুখ মেরে ক্ষতবিক্ষত করে দেবেন। প্রথমে এই হুমকিতে খুব একটা গুরুত্ব দেননি সাইফ। কিন্তু সেই অনুরাগীর প্রেমিক নাকি কাচের গ্লাস ছুড়ে মেরেছিলেন সাইফের কপালে।
সাইফ বলেন, “শুধুমাত্র ওই যুবকের প্রেমিকার সঙ্গে নাচতে রাজি হইনি বলে এই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। প্রথমে আমাকে হুমকি দেন। তারপরে ওই ব্যক্তি আমার কপালে কাচের গ্লাস ছুড়ে মারেন। বিষয়টা খারাপ হাতাহাতির পর্যায়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিল।” – পিঙ্কভিলা








