সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উড়ছে বাংলাদেশ। গ্রুপপর্বে মালদ্বীপ ও শ্রীলঙ্কার প্রত্যেকের জালে গুণে গুণে ৫টি করে গোল দিয়েছে মোহম্মদ ইমরান খানের দল। শিরোপার মঞ্চে ওঠার পথে তাদের সামনে এবার ‘বি’ গ্রুপের রানার্স আপ ভারত। প্রতিপক্ষকে সমীহ করলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকছে লাল-সবুজের দল।
কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ১২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল চারটায় শেষ চারের লড়াইয়ে নামার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সজল-রাতুলরা। প্রথম দিনের অনুশীলন শেষে গেম প্লানিং, সম্ভাবনা ও শক্তিমত্তা নিয়ে কথা বলেছেন দলের অন্যতম স্ট্রাইকার মোহাম্মদ রাতুল। প্রত্যয় রেখে বলেছেন, শিরোপা নিয়েই ফিরতে চান।
বাফুফের পাঠানো ভিডিও বার্তায় রাতুল বলেছেন, ‘সেমিফাইনালে প্রতিপক্ষ ভারত হওয়ায় আমরা আলাদা নজর দিবো। ম্যাচটি জোরালো ভাবে নিচ্ছি। টুর্নামেন্টে যেভাবে খেলে আসছি সেই স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। টিম পারফর্ম্যান্সের মাধ্যমে ভারতকে প্রতিহত করতে চাই। ইনশাআল্লাহ, চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরব।’
কালানিয়া স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে আজ দেড় ঘন্টার অনুশীলন সারে বাংলাদেশের যুবারা। সেমিফাইনালের কঠিন লড়াই সামনে রেখে প্রস্তুত হচ্ছেন ইমরান-মিরাজুলরা। আগামীকাল সকালে একই মাঠে শেষদিনের আরেকটি প্রস্তুতি সারবেন তারা। দলে কোন ইনজুরি নেই বলে জানিয়েছে বাফুফে। ভারতের বিপক্ষে তাই পূর্ণ শক্তি নিয়েই নামবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা ও মালদ্বীপকে কার্যত উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। ৬ দলের আসরের অন্য সেমিতে একই দিনে নেপালের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। আগামী ১৪ সেপ্টেম্বর সেমিতে বিজয়ী দুদল লড়বে শিরোপার মঞ্চে।







