মেয়েদের সাফ ফুটসালে প্রথমবার চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে বাংলাদেশ। শিরোপাজয়ী দল শনিবার এসেছে চ্যানেল আই ভবনে। বেলা ১১টার দিকে বাফুফের বাসে বীরকন্যারা চ্যানেল আই প্রাঙ্গণে পৌঁছান। লাল-সবুজের প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।
থ্যাইল্যান্ডের ব্যাংককে গড়ানো ফুটসাল আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এসেছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় পৌঁছায় সাবিনা খাতুনের দল। চ্যাম্পিয়নদের শুরুতে বিমানবন্দরে ফুলেল বরণ করে নেয়া হয়। পরে ছাদখোলা বাসে নিয়ে যাওয়া হয় হাতিরঝিল এম্পিথিয়েটারে। সেখানে ঝলমলে আয়োজনে সংবর্ধনা দেয় বাফুফে।
সাত দলের অংশগ্রহণে ফুটসালের আসরে ৬ ম্যাচে ৫ জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনার দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ ড্র। পরের তিন ম্যাচে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২, পাকিস্তানকে ৯-১ এবং মালদ্বীপকে ১৪-২ গোলে হারায় বাংলাদেশ।







