বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তি সংক্রান্ত এনরোলমেন্ট কমিটির সদস্য হয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
২৪ সেপ্টেম্বর বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রুহুল কুদ্দুস কাজলকে এনরোলমেন্ট কমিটির সদস্য হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত হয়।
আইনজীবীদের তালিকাভুক্তি সংক্রান্ত পাচ সদস্যের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম। কমিটির সদস্য হিসেবে হাইকোর্টের দুইজন বিচারপতির মধ্যে আছেন বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান। এছাড়া এই কমিটির সদস্য হিসেবে আছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অপর সদস্য সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের স্থলে সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে।
এনরোলমেন্ট কমিটির সদস্য সৈয়দ রেজাউর রহমান বার কাউন্সিলের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখার প্রেক্ষাপটে আইনজীবী তালিকাভুক্তকরণ পরিক্ষা নেয়া ও হাইকোর্ট পারমিশন পরিক্ষার ফলাফল ঘোষণার প্রাসঙ্গিকতায় এনরোলমেন্ট কমিটির সদস্য হিসেবে সৈয়দ রেজাউর রহমানের স্থলে তাকে সদস্য করা হয়েছে বলে সাংবাদিকদের জানান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।







