রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। আজ দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ তারিখ চূড়ান্ত হয়েছে।
বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তেরর প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে বঙ্গভবনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর।
সাক্ষাৎকালে উপাচার্য রাবির দ্বাদশ সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে সদয় সম্মতির অনুরোধ জানালে তিনি ২৮ নভেম্বর সমাবর্তনে উপস্থিত থাকবেন মর্মে সম্মতি জ্ঞাপন করেন।
এর আগে, গতবছরের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাবির দ্বাদশ সমাবর্তন। কিন্তু বিশেষ কোনো কারণ উল্লেখ না করেই ১ নভেম্বর এক নোটিশের মাধ্যমে সমাবর্তন স্থগিত ঘোষণা করেন কর্তৃপক্ষ। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের একাদশ সমাবর্তন ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল।







