২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা’ হিসেবে পুরস্কৃত হয়েছেন গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম। রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’-এ অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছেন তিনি।
স্বামীর এই অর্জনে আবেগাপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক হৃদয়ছোঁয়া পোস্ট দিয়েছেন অভিনেত্রী ও দাম্পত্য সঙ্গী রোজী সিদ্দিকী। সেখানে তিনি শহীদুজ্জামান সেলিমের অভিনয়জীবনের বহুমাত্রিকতা ও নিরন্তর সাফল্যের কথা তুলে ধরেন।
রোজী সিদ্দিকী লিখেছেন,“একজন অভিনেতার কোনো সীমা থাকে না। কখনো তিনি কৌতুক অভিনেতা, কখনো খলনায়ক, কখনো নায়ক। এখানেই একজন শিল্পীর প্রকৃত পরিচয়।”
এরপর তিনি বলেন,“সেলিম, আজ আমি তোমাকে নিয়ে ভীষণ গর্বিত। বারবার প্রমাণ করেছ- একজন অভিনেতা হিসেবে তুমি কতোটা বহুমুখী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য অভিনন্দন। এই সম্মাননার সবচেয়ে যোগ্য তুমি। তুমি অসাধারণ, অনন্য এবং চিরসবুজ।”
রোজীর এমন পোস্টে অনেকেই মন্তব্যে শহীদুজ্জামান সেলিমের দীর্ঘ অভিনয়জীবন, নাটক ও সিনেমায় তার স্মরণীয় চরিত্রগুলোর কথা উল্লেখ করে তাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রসঙ্গত, চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সর্বোচ্চ ৮টি বিভাগে ৯টি পুরস্কার অর্জন করেছে ‘সুড়ঙ্গ’। এই সিনেমার মাধ্যমে একদিকে যেমন আফরান নিশো প্রথম চলচ্চিত্রেই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন।








