শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে নেমে ২০ মিনিট পর মাঠ ছেড়ে যেতে বাধ্য হন রদ্রিগো গোয়েস। সোমবার রিয়াল মাদ্রিদ জানিয়েছে ২৩ বর্ষী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে এই চোটে ছয় সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে।
রিয়াল মাদ্রিদ বিবৃতিতে বলেছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল দল রদ্রিগোকে পরীক্ষা-নিরীক্ষা করেছে। তিনি বাঁ-পায়ের পেশিতে রেকটাস ফিমোরিয়াস চোটে পড়েছেন। তার উন্নতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’
চোটের কারণে অনেকগুলো খেলায় থাকবেন না রদ্রিগো। লা লিগার ম্যাচগুলো বাদেও দেড়মাসের বেশি চোটে থাকলে ফিফার ইন্টারকন্টিনেন্টাল কাপ ফাইনালেও খেলতে পারবেন না তিনি।
রদ্রিগোর চোটে প্রভাব পড়ছে ব্রাজিল দলেও। নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলতে পারবেন না তিনি। ১৪ ও ১৯ নভেম্বর ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। চোটে পড়েছেন আরেক ব্রাজিলিয়ান এডের মিলিতাও। লুকাস ভাসকুয়েজও একমাস মাঠের বাইরে থাকবেন চোটে।








