বার্সেলোনায় নাম লেখাচ্ছেন স্পেনের বিশ্বজয়ী মিডফিল্ডার রদ্রি। ২০২৬ বিশ্বকাপে ‘গোল্ডেন বল’জয়ী রদ্রিকে কিনতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে কাতালান ক্লাবটি। একই সঙ্গে ফ্রি এজেন্ট হিসেবে বার্সায় আসছেন পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো।
সুত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে এই খবর। স্পেন অধিনায়ককে দলে পেতে সিটিকে ৭ কোটি ৬৫ লাখ ইউরো দিতে রাজি হয়েছে বার্সা। দুই ক্লাবের মধ্যে কাগজপত্র বিনিময় হয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। কয়েকদিনের মধ্যেই বার্সেলোনায় পৌঁছাবেন ৩০ বর্ষী রদ্রি। বুধবার ক্যাম্প ন্যুতে আল আহলির বিপক্ষে হোয়ান গাম্পার ট্রফির আগে তাকে সমর্থকদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। চার বছরের চুক্তি হয়েছে বলে জানা গেছে।
ফ্রি এজেন্ট হিসেবে জোয়াও ক্যানসেলোর বার্সেলোনায় ফেরার খবরের পরপরই রদ্রির চুক্তির বিষয়টি সামনে আসে। অ্যান্থনি গর্ডন, কারিম আদেয়েমি ও জেসে বিসিবুয়ের পর চলতি মৌসুমে বার্সেলোনার চতুর্থ ও পঞ্চম নতুন চুক্তি হতে যাচ্ছে ক্যানসেলো ও রদ্রি।
২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন রদ্রি। সেখানে সাত মৌসুমে চারটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, তিনটি ইএফএল কাপ এবং একটি চ্যাম্পিয়ন্সে লিগসহ মোট ১২টি বড় শিরোপা জিতেছেন। হাঁটুর গুরুতর চোটের কারণে গত মৌসুমের অনেকটা সময় খেলতে পারেননি, তবে এই গ্রীষ্মে সুস্থ হয়ে স্পেনকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন।










