জামালপুরে গ্যাস সংকটে সিএনজি চালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (১৩ অগাস্ট) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বিসিক এলাকায় জাবেদ ফিলিং স্টেশনের সামনে এ অবরোধ শুরু হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।
কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার রাত ১০টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন চালকরা। বৃহস্পতিবার সকাল থেকে জাবেদ ফিলিং স্টেশনের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন তারা। অন্তত তিনঘন্টা তারা সড়ক অবরোধ করে রাখে।
চালকদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
জামালপুরের একমাত্র এই সিএনজি ফিলিং স্টেশনে জেলার সাতটি উপজেলা ছাড়াও আশপাশের তিন জেলার ছয়টি উপজেলার যানবাহন গ্যাস সংগ্রহ করে। ফলে গ্যাস সংকটে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা।
অবরোধের কারণে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
জামালপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মূল লাইনে গ্যাস সরবরাহ না থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চালকরা।








