গত ডিসেম্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছিলেন রিশভ পান্ট। তখন থেকে মাঠের বাইরে আছেন ভারতের তারকা উইকেটরক্ষক-ব্যাটার, ধীরে ধীরে সেরে উঠছেন।
কেমন আছেন, কেমন কাটছে, ইনস্টাগ্রামে করা এক পোস্টে পান্ট নিজেই জানিয়েছেন সেসব কথা। লিখেছেন, ‘কখনো জানতাম না বাইরে বসে বিশুদ্ধ বাতাস নিতে পারাটা এতটা আনন্দের।’
বাংলাদেশ সিরিজ শেষ করে দিল্লি ফিরে উত্তরাখণ্ডে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছিলেন পান্ট। নিজে গাড়ি চালাচ্ছিলেন, দিল্লি-দেরাদুন সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়ি উল্টে আগুন ধরে যায়। পথচারীরা গাড়ি থেকে তাকে বের করে আনেন।
শুরুতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার পর দেরাদুনের ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় পান্টকে। সেখানে একসপ্তাহ চিকিৎসার পর পান্টকে নেয়া হয় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে। হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়, তিনি এখনও কোকিলাবেন হাসপাতালেই আছেন।








