বিদেশি সংস্কৃতির প্রভাব প্রতিরোধে বিয়ের পোশাকে বিধিনিষেধ আরোপ করেছে নর্থ কোরিয়া। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে বিদেশি বিশেষ করে সাউথ কোরিয়ার সংস্কৃতির লক্ষণ পাওয়ার কারণে এমন কর্মকাণ্ড পরিচালনা করছে দেশটি।
বিবিসি জানিয়েছে, নর্থ কোরিয়া থেকে পালিয়ে আসা শতাধিক মানুষের সাক্ষ্যের ওপর ভিত্তি করে তৈরি সাউথ কোরিয়ার ইউনিফিকেশন মিনিস্ট্রির একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ওই প্রতিবেদন অনুসারে, ২০২১ সাল থেকে নর্থ কোরিয়ার বাড়িগুলোতে তল্লাশি অভিযান বাড়িয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। কারণ বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে নর্থ কোরিয়ায় বিদেশি সংস্কৃতির যেসব লক্ষণ পাওয়া গেছে তার মধ্যে রয়েছে বিয়েতে সাদা পোশাক পরা বা কনেকে বরের পিঠে তুলে নেওয়া। বিয়েতে সাদা পোশাক পরিধানেও রাখা হয়েছে নিষেধাজ্ঞা।
এছাড়া সানগ্লাসকেও বিদেশি সংস্কৃতি হিসেবে গণ্য করা হয়েছে, এমনকি নাগরিকদের ফোন পর্যন্ত তল্লাশি করা হচ্ছে। ফোনে তাদের সাউথ কোরিয়ার কারো সাথে যোগাযোগ রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। তারা বিদেশি ভাষায় গালিগালাজ করে কি না জানতে ফোনকলও রেকর্ড করা হচ্ছে। তবে এই ধরনের অপরাধের জন্য কী শাস্তির নিয়ম আছে, তা স্পষ্ট নয়।
২০২০ সালের দেশটিতে একটি আইনের মাধ্যমে সাউথ কোরিয়ার গান, সিনেমা ইত্যাদি দেখা বা বিতরণে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। চলতি বছর সাউথ কোরিয়ার ৭০টি গান ও ৩টি সিনেমা রাখার জন্য বছর ২২ বছর বয়সী একজন কৃষকের জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।







