দেশে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু হয়েছে অফিস কর্মসূচি। এদিকে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মেট্রোরেল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
আজ বুধবার (৩১ জুলাই) থেকে সরকারি অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। যানজটের এই নগরীতে উত্তরা থেকে মাত্র ৩৩ মিনিটে যাত্রীদের পৌঁছে দেয় মেট্রোরেল। কিন্তু হামলার ঘটনায় মেট্রোরেল বন্ধ থাকায় চরম বিপাকে নগরবাসী।
যাত্রীরা বলছেন, স্বপ্নের মেট্রোরেলের ওপর আঘাত কোনভাবেই তারা মেনে নিতে পারছেন না। যারা দেশের সম্পদের ক্ষতি করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দ্রুত মেট্রোরেল চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক টেলিফোনে জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ ও মেট্রোরেল চালুসহ ঘটনা তদন্তে কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানানো হবে।
২০২২ সালের ২৮শে ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেলের যাত্রা শুরু হয়। কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীতে সহিংসতায় মেট্রোরেলের মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে দুর্বৃত্তরা। বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল।







