রাজধানীর শাহআলী থানা এলাকার চিড়িয়াখানা রোডে সড়ক বিভাজকের ওপরে পরিত্যক্ত অবস্থায় ‘গুলি সদৃশ ধাতব বস্তু’ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) শাহআলীর চিড়িয়াখানা রোডে সড়ক বিভাজকের ওপরে পরিত্যক্ত অবস্থায় কাগজের প্যাকেটের মধ্য রাখা “গুলি সদৃশ এসব ধাতব বস্তু” জব্দ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শাহআলী থানা পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৬০০ রাউন্ড “গুলি সদৃশ ধাতব বস্তু” উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে এগুলো ব্লাঙ্ক ফায়ারের জন্য ব্যবহৃত “গুলি বিশেষ” যদিও বিশেষজ্ঞ মতামত ছাড়া এগুলোর প্রকৃত পরিচয় জানা সম্ভব হয়নি।
তিনি বলেন, উদ্ধার গুলি সাদৃশ্য ধাতব বস্তুগুলো দেখতে সোনালী রঙের। যার সম্মুখ ভাগ লাল রঙের। প্রতিটি বস্তু লম্বায় অনুমান ০.৫০ ইঞ্চি। এর গায়ে কোন মু্দ্রিত বা খোদাইকৃত কিছু দেখা যায়নি।
“গুলি সদৃশ এসব ধাতব বস্তুর” পরিচয় জানতে আদালতের নির্দেশনা সাপেক্ষে সিআইডির ব্যালেস্টিক শাখায় ফরেনসিক পরীক্ষার জন্য প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
এবিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।










