ক্লাব বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের সঙ্গে যাত্রা শেষ হতে চলেছে ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচের। আগামী ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ক্লাব বিশ্বকাপের শেষ দিন অর্থাৎ ১৩ জুলাই পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
ইউরোপের গণমাধ্যমে খবর, লা লিগার শেষ ম্যাচের দিন এবং ক্লাব বিশ্বকাপ শুরুর মধ্যবর্তী সময়ে, ২৫ মে থেকে ১৮ জুনের মধ্যে দুই সপ্তাহের জন্য বাড়ানো স্বল্পমেয়াদী চুক্তিতে সই করবেন মদ্রিচ। তবে এই মেয়াদে তার বেতন বা অন্যান্য চুক্তির শর্তাবলীতে কোনো পরিবর্তন আনা হয়নি।
রিয়ালে নিজের ১৩ বছরের ক্যারিয়ারে মদ্রিচ জিতেছেন মোট ২৮টি শিরোপা, যার মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা এবং একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি। রিয়ালের মাঝমাঠে তিনি ছিলেন দলের মেরুদণ্ডস্বরূপ এবং বহু ম্যাচে তার দারুণ পারফরম্যান্সেই সফলতা এসেছে ক্লাবটির।
শুধু লুকা মদ্রিচের সঙ্গেই নয় আরেক অভিজ্ঞ লুকাস ভাসকুয়েজের সঙ্গেও দুই সপ্তাহের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে লস ব্ল্যাঙ্কোস। ১৩ জুলাইয়ের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনিও। এরপর অন্য ক্লাবই হতে যাচ্ছে তার নতুন ঠিকানা।








