‘সান্তিয়াগো বার্নাব্যুতে ৯০ মিনিট অনেক দীর্ঘ সময়’ -এই কথা প্রায়ই শোনা যায় রিয়াল মাদ্রিদের ম্যাচে। প্রমাণও অসংখ্যবার দিয়েছে লা লিগার দলটি। শুরুতে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে অনেক। চ্যাম্পিয়ন্স লিগে এমন আরও একটি ম্যাচ উপহার দিল কার্লো আনচেলত্তির দল, গল্পের নায়ক ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলীয় তারকার দুর্দান্ত পারফরম্যান্সে অবাক হয়েছেন কোচ আনচেলত্তিও।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল। ম্যাচের এক ঘণ্টা পর্যন্ত ২ গোলে পিছিয়ে ছিল তারা। শেষ ৩৩ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠায় ৫ বার। লস ব্লাঙ্কোসদের হয়ে ক্যারিয়ারের তৃতীয় হ্যাটট্রিক করেন ভিনিসিয়াস। সঙ্গে একটি করে গোল করেছেন আন্টোনিও রুডিগার ও লুকাস ভাসকেজ।
এমন দুর্দান্ত প্রত্যাবর্তানে বেশ অবাক আনচেলত্তিও। ভিনির পারফম্যান্স প্রসঙ্গে ৬৫ বর্ষী ইতালিয়ান কোচ বলেছেন, ‘দল এভাবে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে একজন খেলোয়াড়ের এমন পারফরম্যান্স দেখানো অস্বাভাবিক। ভিনি যা করেছেন সেটা দুর্দান্ত ছিল। ম্যাচে সে সক্ষমতার সঙ্গে গভীরে পৌঁছে গিয়েছিল, যা অবিশ্বাস্য।’







