মৌসুমে এক পর্যায়ে বার্সেলোনার চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। সেখান থেকে আশা হারাতে দেননি কোচ হ্যান্সি ফ্লিক। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লস ব্লাঙ্কোসদের হারিয়ে শিরোপা জিতেছিল কাতালুনিয়ান দলটি। সেখান থেকে নতুন উদ্যমে এগোতে থাকে। শেষপর্যন্ত লিগ শিরোপা জয়ের মধ্য দিয়ে মৌসুম শেষ করছে বার্সা।
লা লিগায় বৃহস্পতিবার রাতে এস্পানিওলের মাঠে ২-০তে জিতেছে বার্সেলোনা। দুই ম্যাচ হাতে রেখে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা রিয়ালকে ৭ পয়েন্টে পেছনে ফেলে লিগ জিতে নিয়েছে ফ্লিকের দল।
ম্যাচ শেষে ফ্লিক বলেছেন, ‘মানসিকভাবে শক্ত থাকা খুব গুরুত্বপূর্ণ- আমরা সেটাই করতে চেয়েছি এবং জানুয়ারিতে সুপার কাপ জয়টা আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। ফুটবলাররা যেভাবে নিজেদের চূড়া ছুঁয়েছে এবং অন্যরা উন্নতি করেছে, দেখে দারুণ লেগেছে।’
বার্সার সামনে ট্রেবল শিরোপা জয়ের সুযোগ থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ফ্লিকের দল। তবে ঘরোয়া শিরোপা সুপার কাপসহ বার্সার কোচের দায়িত্বে প্রথম মৌসুমে তিনটি ট্রফি জিতেছেন জার্মান এ কোচ। সঙ্গে বাড়তি প্রাপ্তি, এক মৌসুমে চারবার রিয়ালকে হারানোর অনন্য অর্জন।
৬০ বর্ষী জার্মান কোচ বলেছেন, ‘আমরা সবসময়ই ইতিবাচক থাকতে চেয়েছি এবং অনুশীলনের সেশনগুলোতে তা অনুভব করতে পেরেছি। বার্সার মতো ক্লাবে শিরোপা জিততে হয় এবং আমরা এবার তিনটি ট্রফি জিতেছি, যা দারুণ। বিশেষ করে মৌসুমের দ্বিতীয় ভাগে আমরা ছিলাম অসাধারণ। একটি ম্যাচও হারিনি, এক কথায় দুর্দান্ত। গোটা দল, পুরো ক্লাব ও সমর্থকদের অভিনন্দন। শিরোপা জয়ের যোগ্য দাবিদার আমরা। যা কিছু অর্জন করেছি, আমরা খুবই খুশি।’







