টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সেই সুযোগে অনুশীলন করছে বাংলা টাইগার্স ও এইচপি দল। পালা করে প্রতিদিনই চলছে ক্যাম্প। চলতি বছর বাংলাদেশ ‘এ’ দল ও এইচপি দল দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। টাইগার্স ও এইচপি ক্যাম্পের ক্রিকেটারদের নিয়েই সাজানো হবে সেই দলগুলো।
ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন তা। চলতি বছর ঘরের মাঠ ছাড়াও অস্ট্রেলিয়া ও পাকিস্তানে সফর করবে ‘এ’ দল।
বলেছেন, “এইচপি ও টাইগার্সের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। তাই ‘এ’ দলের জন্য আলাদাভাবে অনুশীলন আয়োজন করতে হচ্ছে না। আমরা অনেক বেশি খেলোয়াড়ের মধ্য থেকে ‘এ’ দল সাজাতে পারব। জাতীয় দলের যেমন খেলা রয়েছে, ‘এ’ দলেরও খেলা থাকবে। ঘরোয়া মৌসুমের পর আরেকটি ঘরোয়া মৌসুম শুরু হলেও আমাদের এই তিনটা দল খুব ব্যস্ত থাকবে।”
“এ বছর ‘এ’ দলের তিনটি সিরিজ রয়েছে। বাংলাদেশে, অস্ট্রেলিয়ায় ও পাকিস্তানে। আরেকটা হবে ইমার্জিং এশিয়া কাপ। যেহেতু যেখানে বয়সের কোনো বাধা নেই, আমরা চেষ্টা করব ‘এ’ দলের খেলোয়াড়েরা যেন লঙ্গার ভার্সনে খেলে।’
‘লঙ্গার ভার্সন হবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে, এটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ। অস্ট্রেলিয়ায় যেহেতু আমরা অনেক বছর টেস্ট খেলিনি, এটা আমাদের খেলোয়াড়দের জন্যও ভালো হবে। ওদের কন্ডিশনে ভালো খেলতে পারলে অন্য কন্ডিশনেও ভালো করা সহজ হবে।’








