শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ লাখো জনতা।
আজ ১৪ ডিসেম্বর শনিবার বেলা বাড়ার সাথে সাথে রায়ের বাজার বধ্যভূমিতে বাড়তে থাকে জনতার ঢল। ফুলে ফুলে ভরে যায় স্মৃতিসৌধের বেদি। কারো হাতে ফুল, কারো হাতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে লেখা কালো ব্যানার। উদ্দেশ্য একটাই, শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসররা মিলে দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিকিৎসক, লেখক, সাংবাদিক, প্রকৌশলীসহ মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল। যাদের অধিকাংশকেই সমাহিত করা হয় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তাদের স্মরণেই সকাল থেকে কালো ব্যাজ ধারণ করে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।







