ভারতের সন্তানশূন্য ধনকুবের রতন টাটার মৃত্যুর পর তার উত্তরসূরি কে হবেন, তা নিয়ে জল্পনা ছিল বহু দিনের। সেই জল্পনার অবসান ঘটিয়ে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হলেন তার সৎভাই নোয়েল টাটা।
বিবিসি জানিয়েছে, গতকাল (১১ অক্টোবর) শুক্রবার ভারতের মুম্বাইয়ে একটি বোর্ড মিটিংয়ে নোয়েলকে ট্রাস্টটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। টাটা’র বিভিন্ন সংস্থায় শীর্ষস্থানীয় পদেই ছিলেন নোয়েল। তার সন্তানেরাও রয়েছেন টাটা’র বিভিন্ন শীর্ষ পদে।
রতনের বাবা নাভাল টাটার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান নোয়েল। টাটা ট্রাস্টের দায়িত্ব পাওয়ার আগেই নোয়েল টাটা ওয়েস্টসাইড, জুডিও-র মালিক সংস্থা ট্রেন্ট, টাটা ইন্টারন্যাশনাল, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট সংস্থার চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া টাইটান ও টাটা স্টিলের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।
তার মায়ের নাম সিমোনে টাটা, ফরাসি বংশোদ্ভূত সুইস এই নারী রতন টাটার সৎ মা। সিমোনে টাটা ট্রেন্ট, ভোল্টাস, টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন ও টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান।








