রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে জমা দিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার সকালে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। আইনমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্টের পাশের ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এই ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে।
ঘটনার পর স্বপ্নাকে আটক করে পুলিশ। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে সোহেল রামিসাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ওহিদুজ্জামান। এছাড়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতেও সম্মতি দিয়েছে সে।
এদিকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রামিসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়েছে।








