সম্প্রতি প্রকাশ্যে এসেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ১’-এর বহু প্রতীক্ষিত প্রচার-ঝলক। যেখানে প্রথম বার পূর্ণাঙ্গ রূপে দেখা মিলেছে রণবীর কাপুর অভিনীত রাম, সাই পল্লবী অভিনীত সীতা, রবি দুবের লক্ষ্মণ এবং যশ অভিনীত রাবণকে। ফলে ‘রামায়ণ’ নিয়ে চর্চায় মেতেছেন চলচ্চিত্রপ্রেমীরা।
সিনেমাটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শকরা, যেন তাদের তর সইছে না। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতিক্রিয়া দেখে অন্তত তেমনটাই মনে হয়। বিগ বাজেটের এ সিনেমায় অভিনয়ের জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা নিয়েও ফিসফাস কম হচ্ছে না।
জানা গেছে, ‘রামায়ণ’ সিনেমায় ‘রাম’ চরিত্রে অভিনয় করার জন্য রণবীর কাপুর সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন।সিনেমাটি যেহেতু দুই পার্টে মুক্তি পাবে, তাই প্রতি পার্টের জন্য ৭৫ কোটি রুপি করে দুই পার্টের জন্য রণবীর কাপুর পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ কোটি রুপি।
অন্যদিকে সাই পল্লবী ‘সীতা’ চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য উল্লেখযোগ্য হারে পারিশ্রমিক বাড়িয়েছেন। সাধারণত সাই পল্লবী আড়াই থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। সেখানে সিনেমাটির প্রতি পার্টের জন্য ৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ফলে দুই পার্টে সাই পল্লবীর পারিশ্রমিক দাঁড়িয়েছে ১২ কোটি রুপি।
‘কেজিএফ’ খ্যাত তারকা অভিনেতা যশ ‘রাবণ’ চরিত্র রূপায়ন করছেন। ট্রেলারে তার হুংকারে কেঁপে উঠে পর্দা। কন্নড় সিনেমার এই সুপারস্টার প্রতি কিস্তির জন্য নিয়েছেন ৫০ কোটি রুপি। অর্থাৎ, দুই কিস্তির জন্য যশ নিয়েছেন মোট ১০০ কোটি রুপি। তবে ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ ও ‘চ্যাপ্টার টু’-এর জন্য ৩০-৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন যশ। ফলে বলাই বাহুল্য যে, ‘রামায়ণ’ সিনেমায় তার পারিশ্রমিক অনেকটা বৃদ্ধি পেয়েছে।
বলিউড অভিনেতা সানি দেওল দক্ষিণী সিনেমায় এখন নিয়মিত অভিনয় করছেন। ‘রামায়ণ’ সিনেমায় ‘হনুমান’ চরিত্র রূপায়ন করছেন তিনি। ট্রেলারের শেষে তাকে খুবই স্বল্প সময়ের জন্য দেখেছেন দর্শকরা। সিনেমাটির প্রতি কিস্তির জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। দুই কিস্তির জন্য মোট পারিশ্রমিক নিয়েছেন ৪০ কোটি রুপি। এর আগে ‘গদর টু’ সিনেমায়ও একই পারিশ্রমিক নেন সানী দেওল।
‘রামায়ণ’ সিনেমায় ‘লক্ষ্মণ’ চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। চরিত্রটি রূপায়নের জন্য এই টিভি তারকা ২-৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। দুই কিস্তির জন্য মোট কত রুপি পারিশ্রমিক নিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক বলে জানা গেছে।
‘রামায়ণ’ সিনেমা প্রযোজনা করছেন নমিত মালহোত্রা। সহপ্রযোজক হিসেবে কাজ করছেন ‘কেজিএফ’ তারকা যশ। সিনেমাটির বাজেট নিয়েও চর্চা চলছে। প্রখর গুপ্তকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক নমিত মালহোত্রা বলেন, “ছয়-সাত বছর আগে যখন আমরা এটি তৈরি করতে শুরু করি, তখন লোকে আমাকে পাগল ভাবতেন। কারণ কোনো ভারতীয় চলচ্চিত্রই ‘রামায়ণ’ সিনেমার স্কেলের ধারেকাছেও আসেনি। সহজ কথায়—দুটি পর্ব মিলিয়ে মোট বাজেট ৫০ কোটি ডলার, যা ৪ হাজার কোটি রুপির বেশি।”
সিনেমাটি নিয়ে দৃঢ়তার সঙ্গে নমিত মালহোত্রা বলেন, “আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহাকাব্য নিয়ে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্রটি তৈরি করছি, যা বিশ্বজুড়ে দেখা উচিত। আমি বিশ্বাস করি, হলিউডের কয়েকটি বড় চলচ্চিত্রের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে এটি নির্মাণ করছি। আমরা দায়িত্বজ্ঞানহীন নই, আমরা উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু বাস্তবসম্মত।”
‘রামায়ণ’ সিনেমার ভিএফএক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ’ সিনেমার প্রথম পার্ট। ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট।

