চলমান তাপপ্রবাহ কমে মাসের বাকি সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২০ তারিখ থেকে দেশের বেশিরভাগ স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মনোয়ার জানান, ২০ মে থেকে মাসের বাকি সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় কোথাও কোথাও টানা ১-২ ঘণ্টা বৃষ্টি হতে পারে। এতে তাপপ্রবাহ কমে যাবে। তিনি জানান, এই মাসে তাপপ্রবাহ আবার শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম।
এই বিষয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম (বিডাব্লিউওটি) এর চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশ চ্যানেল আই অনলাইনকে জানান, আগামী ২০, ২১, ২২ ও ২৩ মে দেশের অনেক এলাকায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আছে।
তিনি জানান, খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। তুলনামূলকভাবে রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে। এসময় দেশের সকল বৃষ্টিবাহী এলাকায় অতিরিক্ত বজ্রপাত হবার সম্ভাবনা বেশি।
অন্যদিকে গতকাল শুক্রবার (১৭মে) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।







