সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টির সিরিজে ভারতের নেতৃত্বে ছিলেন রিশভ পান্ট। বৃষ্টির কারণে শেষ ম্যাচ বাতিল হলে ২-২ সমতায় শেষ হয়েছে তাদের ঘরের মাঠের আয়োজনটি। ব্যাটিংয়ে যেমন ধুঁকেছেন, নেতৃত্বেও মুনশিয়ানা দেখাতে পারেননি পান্ট। তাতে বছরের শেষদিকে টি-টুয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় থাকবেন কিনা সেই প্রশ্ন উঠে গেছে। সবকিছুর জবাবে কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ভারতের ব্যাটিং লাইনআপের অবিচ্ছেদ্য অংশ পান্ট।
রোহিত শর্মার পরিবর্তে সিরিজে নেতৃত্ব পান পান্ট। ৫ ম্যাচে মাত্র ৫৮ রান এসেছে তার ব্যাটে। সামনেই বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় উড়াল দেবে দল। এমন সময় ফর্মহীনতা! ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপে টিকে থাকতে পারবেন কিনা সেই আলোচনা যৌক্তিকও। তবে বরাবরের মতোই সোজা ব্যাটে খেলেছেন দ্রাবিড়।
‘পান্ট রান করতে পছন্দ করে, তবে এটি হয়ে ওঠেনি। অবশ্যই আগামী কয়েকমাস সে আমাদের পরিকল্পনার খুব বড় অংশ। কেবল সমালোচক হতে চাই না। মাঝামাঝি ওভারে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারে এমন ক্রিকেটার প্রয়োজন, খেলাটিকে আরও এগিয়ে নেয়ার জন্য। দুই বা তিন ম্যাচের ভিত্তিতে কাউকে বিচার করা খুব কঠিন।’
গত আইপিএলে ১৫৮-এর উপর স্ট্রাইক রেটে ব্যাট রান তুলেছেন পান্ট। দিল্লি ক্যাপিটালসের হয়ে করেছেন ৩৪০ রান। আর সবার মতো পান্টের স্ট্রাইক রেটই মুগ্ধ করেছে দ্রাবিড়কে।
‘স্ট্রাইক রেটের দিক থেকে এটি বেশ ভালো আইপিএল ছিল পান্টের। যদিও গড় রানের বিচারে ভালো নাও হতে পারে। আইপিএলে সে একটু উপরে খেলতে চেয়েছিল। আমরা আশা করছি আন্তর্জাতিক পর্যায়ে তার থেকে আরও ভালো কিছু পাবো। সে হয়ত কয়েক ম্যাচে ভুল করতে পারে, কিন্তু সে আমাদের ব্যাটিং লাইন আপের অবিচ্ছেদ্য অংশ। তার শক্তির সাথে বাড়তি পাওনা সে একজন বাঁহাতি, যা গুরুত্বপূর্ণ। মাঝের ওভারগুলোতে সে ভালো খেলছে।’
ঘরের মাটিতে ২-০এ পিছিয়ে পড়েও সমতায় থেকে সিরিজ শেষ করেছে পান্টের দল। যাকে সাফল্য বলেই মানছেন দ্রাবিড়।
‘একটি দলকে ২-০ থেকে ২-২এ সমতায় আনা সহজ নয়। অধিনায়কত্ব শুধু জয়-পরাজয় নয়। সে তরুণ অধিনায়ক, নেতা হিসেবে বেড়ে উঠছেন। তাকে এখনই বিচার করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটি সিরিজের পর কাউকে মূল্যায়ন করা উচিত নয়। সে একইসাথে নেতৃত্ব, কিপিং এবং ব্যাট করছে দেখে ভালো লাগছে। তার উপর অনেক চাপ ছিল, শেষ পর্যন্ত তা কাটিয়ে উঠে ২-২এ সিরিজ শেষ করেছে।’







