শিল্প সাহিত্য

আট দেশ ঘুরে ঢাকায় রফিক আজমের ‘ওল্ড ঢাকা–নিউ স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন

আট দেশ ঘুরে ঢাকায় রফিক আজমের ‘ওল্ড ঢাকা–নিউ স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন

আট দেশে প্রকাশনা অনুষ্ঠান শেষে এবার ঢাকায় মোড়ক উন্মোচন করা হয়েছে খ্যাতিমান স্থপতি রফিক আজমের ‘রফিক আজম: ওল্ড ঢাকা–নিউ স্টোরি: আর্কিটেকচার ইন বাংলাদেশ’ শীর্ষক বইয়ের। স্থাপত্যের সঙ্গে ঐতিহ্য, সংস্কৃতি, জলবায়ু ও প্রকৃতির সম্পর্ক তুলে ধরা হয়েছে বইটিতে।

রাজধানীর আগা খান একাডেমিতে ২৭ ও ২৮ নভেম্বর দুই দিনব্যাপী ‘কানেক্টিং ক্রিয়েটিভিটি’ শীর্ষক আয়োজনের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ‘সেলিব্রেশন ফর অল থ্রু আর্কিটেকচার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে স্থপতি ও সৃজনশীল পেশার প্রতিনিধিসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ২০ জনের বেশি অতিথি অংশ নেন।

ঢাকার আগে অস্ট্রেলিয়া, জাপান, শ্রীলঙ্কা, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন ও স্পেনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। রোজা মারিয়া ফালভোর সম্পাদনায় বইটি প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান রিজোলি নিউইয়র্ক।

বইটি সম্পর্কে স্থপতি রফিক আজম বলেন, ‘আমি পুরান ঢাকায় বড় হয়েছি। আমাদের পরিবারের উঠান আমাকে শিখিয়েছে, ঘনবসতিপূর্ণ শহরেও একটি বাড়িতে সবুজের জন্য জায়গা এবং ব্যক্তিগত পরিসর রাখা সম্ভব। সেই শিক্ষাই আমি আমার কাজে ধারণ করেছি। বইটির আন্তর্জাতিক যাত্রা শেষে ঢাকায় মোড়ক উন্মোচন আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এখানেই আমার গল্পের শুরু।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইটির আন্তর্জাতিক সমন্বয়ক স্থপতি ও পরিকল্পনাবিদ ফরহাদুর রেজা প্রবাল। বক্তব্য দেন ঢাকার প্রকাশনা অনুষ্ঠানের সমন্বয়ক জালাল আহমেদ, আন্তর্জাতিক উপদেষ্টা দুর্জয় রহমান ও শুভেচ্ছাদূত স্থপতি জান্নাত জুঁই। বইটির সম্পাদক রোজা মারিয়া ফালভোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনে অংশ নেন জান্নাত জুঁই।

আট দেশ ঘুরে ঢাকায় রফিক আজমের ‘ওল্ড ঢাকা–নিউ স্টোরি’ বইয়ের মোড়ক উন্মোচন

জান্নাত জুঁই বলেন, বইটির ভাবনার সূচনা পুরান ঢাকায় হলেও এর গুরুত্ব আন্তর্জাতিক। স্থাপত্য কেবল ভবন নির্মাণ নয়, এটি মানুষ, প্রকৃতি, সংস্কৃতি ও সম্প্রদায়কে সংযুক্ত করার একটি শক্তিশালী মাধ্যম। বইটি তরুণ স্থপতিদের স্থানীয় পরিবেশ থেকে শিক্ষা নিতে এবং মানুষ ও প্রকৃতিকে গুরুত্ব দিয়ে স্থাপত্যচর্চায় উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিশিষ্ট স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস রফিক আজমকে ‘টোটাল আর্কিটেক্ট’ এবং বাংলাদেশের সবুজ স্থাপত্যের পথিকৃৎ হিসেবে অভিহিত করেন।

পুরান ঢাকার লালবাগ দুর্গসংলগ্ন এলাকায় বেড়ে ওঠেন রফিক আজম। শৈশবে পারিবারিক বাড়ির উঠানে জলরঙে ছবি আঁকার অভিজ্ঞতা পরবর্তী সময়ে তার স্থাপত্যচর্চায় গভীর প্রভাব ফেলে। মায়ের নামে নির্মিত ‘আঙ্গুরি বাড়ি’সহ তার বিভিন্ন স্থাপত্যকর্মে সবুজ পরিবেশ, খোলা উঠান ও প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

দুই দিনের আয়োজনে দেশি-বিদেশি স্থপতিদের অংশগ্রহণে প্যানেল আলোচনা, রফিক আজমের উপস্থাপনা এবং তাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বিটুইন লাইট অ্যান্ড আর্থ’ প্রদর্শিত হয়। এ ছাড়া ‘আরএটিবি ২০২৬’ ও ‘ওয়াটার অ্যাজ লাইফ’ উদ্যোগের পুরস্কার বিতরণ করা হয়।

ইতোমধ্যে বিশ্বের প্রায় ৭০টি দেশে বইটি পাঠানো হয়েছে। নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট, লন্ডনের টেট মডার্ন ও প্যারিসের সেন্টার পম্পিদুসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও বইটি পাওয়া যাবে।

বিষয়:কানেক্টিং ক্রিয়েটিভিটি রফিক আজম রফিক আজম: ওল্ড ঢাকা–নিউ স্টোরি: আর্কিটেকচার ইন বাংলাদেশ
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…