বিনোদন

জিটিএর মতো তৈরি হচ্ছে ‘রামায়ণ’ গেম!

জিটিএর মতো তৈরি হচ্ছে ‘রামায়ণ’ গেম!

বড় পর্দার পর এবার ভিডিও গেমের জগতে আসছে ‘রামায়ণ’। মহাকাব্য রামায়ণ অবলম্বনে একটি ভিডিও গেম তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক নমিত মালহোত্রা। জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ)-এর আদলে গেমটি তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। এর মাধ্যমে নতুন প্রজন্মকে রামায়ণের কাহিনি ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে চান নির্মাতারা।

সম্প্রতি দূরদর্শনকে দেওয়া এক সাক্ষাৎকারে নমিত মালহোত্রা জানান, রামায়ণভিত্তিক ভিডিও গেমটি বর্তমানে নির্মাণাধীন। তবে গেমটির বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করতে চান না তিনি। উপযুক্ত সময়েই এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

সাক্ষাৎকারে মালহোত্রা বলেন, ‘এটি আসছে। রামায়ণ নিয়ে একটি গেম তৈরি হচ্ছে। সঠিক সময় হলে এ বিষয়ে আরও বিস্তারিত জানাব। আমাদের শিশুরা যেমন জিটিএ খেলে, আমি চাই তারাও রামায়ণ খেলুক। খেলতে খেলতে তারা আনন্দ পাওয়ার পাশাপাশি কিছু শিখতেও পারবে।’

গেমটির সম্ভাব্য অভিজ্ঞতা সম্পর্কে ধারণা দিতে গিয়ে তিনি জানান, খেলোয়াড়েরা রামায়ণের জগতে প্রবেশের সুযোগ পাবেন। সেখানে জটায়ুর সঙ্গে আকাশে ওড়ার পাশাপাশি রাবণের বিরুদ্ধে লড়াই করার মতো অভিজ্ঞতাও থাকতে পারে।

মালহোত্রার ভাষ্য, চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের প্রথমে রামায়ণের জগতের সঙ্গে পরিচিত করানোই ছিল তার পরিকল্পনা। এরপর ভিডিও গেমের মাধ্যমে সেই জগতকে আরও বিস্তৃত করা হবে। তার মতে, চলচ্চিত্রশিল্পের তুলনায় গেমিংশিল্পের পরিসর এখন অনেক বড় হয়ে উঠেছে।

শুধু ভিডিও গেমেই সীমাবদ্ধ থাকছে না রামায়ণকে ঘিরে নির্মাতাদের পরিকল্পনা। এই মহাকাব্যকে কেন্দ্র করে আরও বড় একটি বিনোদনজগৎ গড়ে তোলার উদ্যোগ রয়েছে। এর অংশ হিসেবে থিম পার্ক, জাদুঘর, অ্যানিমেশনসহ বিভিন্ন ধরনের প্রকল্পের পরিকল্পনার কথাও উঠে এসেছে।

সিনেমার গণ্ডি পেরিয়ে ভিডিও গেমসহ বিভিন্ন মাধ্যমে রামায়ণের জগৎ বিস্তৃত করার এই উদ্যোগ নতুন প্রজন্মের দর্শকদের কাছে মহাকাব্যটির গল্প পৌঁছে দেওয়ার নতুন প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

বিষয়:‘রামায়ণ পার্ট ১’ জিটিএ নমিত মালহোত্রা প্রযোজক ভিডিও গেম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…