ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন রাচিন

বাংলাদেশ ও ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে থাকা ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, দর্শকরা স্ট্যান্ডে বসে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতে নিজের অভিষেক বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটার রাচিন রবীন্দ্র। আসরে ৯ ম্যাচ খেলে রান সংগ্রাহকের তালিকায় আছেন তিনে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বুধবার ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। স্বাগতিক ভারতের সঙ্গে ম্যাচ হওয়াতে দর্শকে পূর্ণ থাকবে গ্যালারি। হাইভোল্টেজ ম্যাচটিতে খেলার জন্য মুখিয়ে আছেন ২৩ বর্ষী রাচিন।
আসরে তিন সেঞ্চুরি করা কিউইদের নতুন ব্যাটিং সেনসেশন রাচিন বলেছেন, ‘এটা একটা স্বপ্ন। আমরা কিউইদের পূর্ববর্তী বিশ্বকাপের কথা চিন্তা করছি যেখানে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে এমসিজিতে এবং তারপর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলেছিলাম। এখন ওয়াংখেড়েতে ভারতের বিপক্ষে, বেশ ভালো একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। কানায় কানায় পরিপূর্ণ দর্শকে ভারতের বিপক্ষে খেলতে পারা একটি স্বপ্নের মত, যারা আসরে এখনও অপরাজিত রয়েছে।’
‘আমরা ভালো খেলব, সর্বোচ্চ দেয়ার চেষ্টা করব। আমরা জানি ক্রিকেটে প্রতিটি ম্যাচ জিততে পারব না। কিন্তু আমরা মাথায় রাখব কিভাবে তাদের আউট করা যায়।’
প্রথম বিশ্বকাপ খেলতে এসে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন রাচিন। আগে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর করা ৫৩২ ও কিংবদন্তি শচীন টেন্ডুলকারের করা ৫৩২ রানের রেকর্ড আগেই ছাড়িয়েছেন। ‘এটা বিশেষ মুহুর্ত তার জন্য।’ বলে মনে করেন তিনি।






