চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ও সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে ক্যাচ নিতে গিয়ে কপালে বল লেগেছিল স্পিনিং অলরাউন্ডারের। রক্তপাত শুরু হয়। দ্রুত মাঠ থেকে তুলে নেয়া হয় তাকে। পরে অবস্থা স্বাভাবিক জানানোর পর রোববার সবশেষ অবস্থা তুলে ধরেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, ‘লাহোরে পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল কপালে লেগে আঘাত পেয়েছিলেন রাচিন রবীন্দ্র। ম্যাচে জয় পেয়েছিল কিউইরা।’
‘রাচিন মাথার আঘাতের প্রাথমিক মূল্যায়নে উত্তীর্ণ হয়েছেন এবং ক্ষতস্থানে সেলাই প্রয়োজন ছিল, যার সমাধান মাঠেই করা হয়েছিল। তিনি ভালো আছেন এবং (হেড ইনজুরি অ্যাসেসমেন্ট) প্রোটোকলের অধীনে পর্যবেক্ষণ চালিয়ে যাওয়া হবে। সাউথ আফ্রিকার বিপক্ষে সোমবারের ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই।’
ঘটনা ম্যাচের ৩৭তম ওভারের ছিল। মাইকেল ব্রেসওয়েলের ওভারে খুশদিল শাহ’র ক্যাচ নিতে গিয়ে। খুশদিলের করা স্লগ সুইপ ডিপ স্কয়ারের দিকে গেলে ধরতে এগোন রাচিন। ফ্লাডলাইটের আলোর কারণে বলের ফ্লাইট বুঝতে ভুল হওয়ায় কপালে এসে পড়ে বল।








