গত অক্টোবরের মাঝামাঝি সময়ে এভারটনের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলার সময় কাফ মাসলের ইনজুরিতে পড়েন রিচার্লিসন। এতে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে তার থাকাটাই প্রবল শঙ্কার মুখে পড়েছিল।
সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের দুটি গোলই করেছেন ২৫ বর্ষী ফুটবলার। দ্বিতীয় গোলটি ছিল চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে। যা নিয়ে দুনিয়ার সবাই এখন করছে মাতামাতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই গোলের ছবি ও ভিডিও হয়ে পড়েছে ভাইরাল।
ইনজুরির ভয়াল সেই স্মৃতি স্মরণ করে টিভি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘চার সপ্তাহ আগের সেই ঘটনার পর আমি কেঁদেছিলাম। আমি বিশ্বকাপে আসব কি না, সন্দেহ ছিল। যেদিন আমি স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলাম সেটি আমার জীবনের সবচেয়ে ধীরগতিতে পার হওয়া সময় বলেই মনে হয়েছিল। কারণ আমি স্ট্রেচারে ছিলাম।’
‘রিপোর্টের ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। চিকিৎসকরা তাদের কাজ করে যাচ্ছিলেন এবং আমি স্নায়ুর চাপের মাঝেই অপেক্ষা করছিলাম। ফিটনেস ফিরে পাওয়ার জন্য আমি সর্বস্ব উজাড় করে দিয়েছিলাম। এটা বেশ মূল্যবান ছিল। তিনি তিনটি রিহ্যাব সেশন ছিল। আমি বিশ্বকাপে আসতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।’
Richarlison! What have you done?! 🤯#FIFAWorldCup | @richarlison97 pic.twitter.com/kCKFdlINXq
— FIFA World Cup (@FIFAWorldCup) November 24, 2022
সার্বিয়ার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ সেরা রিচার্লিসনের বিশ্বকাপে অভিষেকটা রাজকীয়ভাবেই হয়েছে। নিজের অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘ছেলেবেলার স্বপ্ন সত্যি হয়েছে। আমাদের প্রফেসর টিটে বলেছেন, তুমি গোলের গন্ধ পাচ্ছ এবং গোল হচ্ছে। এটা একটা দুর্দান্ত রাত, একটি সুন্দর জয়। এখন আমাদের শিরোপা জয়ের লক্ষ্যে পৌঁছাতে হবে। সামনে আমাদের ছয়টি ম্যাচ আছে।’
আগামী সোমবার জি গ্রুপের খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল খেলবে। ক্যামেরুনকে ১-০ গোলে সুইসরা হারিয়েছে। ম্যাচের আগে রিচার্লিসন সতর্ক অবস্থানেই থাকলেন।
‘প্রথম ম্যাচে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটা আমরা করেছি। এখন আমাদের বিশ্রাম নিতে হবে এবং পরের ম্যাচে মনোযোগ দিতে হবে। কারণ আমাদের এখনও ছয়টি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে।’








