সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩৪ মিনিটে স্পট কিকে গোল করেছিলেন লিওনেল মেসি। আকাশী-নীল জার্সিতে বিশ্বকাপে তার ১১তম গোল যেটি। স্বদেশি গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে (১০) টপকে বিশ্বমঞ্চে আর্জেন্টিনার সর্বাধিক গোলের মালিকও হয়েছেন সেই গোলটি দিয়ে।
কাতার বিশ্বকাপে আর্জেন্টাইনদের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসিকে দেখে বেশ আপ্লুত ৫৩ বর্ষী বাতিস্তুতা।
‘মেসির রেকর্ড ভাঙা আমাকে মোটেও কষ্ট দেয়নি। কারণ এটি উপভোগ করেছি। লিওর এটা প্রাপ্য। যদি রেকর্ডটা একজনের থাকতেই হয়, তবে অবশ্যই তারই থাকা উচিৎ।’
‘মেসি কোনো এলিয়েন নয়। তিনি একজন মানুষ, যে অন্য সবার চেয়ে ভালো ফুটবল খেলেন। সেই ব্যক্তি যখন আপনাকে ছাড়িয়ে যায়, আপনি কষ্ট পেতে পারেন না, তিনি আপনাকে আনন্দই দেন।’
এবারের বিশ্বকাপে কাইলিয়ান এমবাপের মতো পাঁচ গোল করে যৌথভাবে গোল্ডেন বুট জেতার দৌড়ে আছেন মেসি। সুযোগ আছে গোল্ডেন বলও জেতার। আসরে দুর্দান্ত খেলতে থাকা মহাতারকাকে নিয়ে তিন বিশ্বকাপ খেলা বাতিস্তুতা যে প্রত্যাশা করেছিলেন, সেটি নাকি ছাড়িয়েই গেছে।
‘তিনি ২০ বছরের মতো খেলছেন। এর কারণ হল তিনি ক্ষুধার্ত। এখানে কাপ জিততে এসেছেন। ফুটবলে এটাই দরকার। লিও পুরো দলে সেটাই ছড়িয়ে দিচ্ছেন।’
বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা আলবিসেলেস্তেদের হাতে উঠবে বলেই বাতিস্তুতা আশা, ‘আর্জেন্টিনার শিরোপা জয়ের সব সম্ভাবনা রয়েছে। পরিবেশ অনুকূলে আছে।’







